শ্রমিকেরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা মালিকদের
বিশেষ প্রতিনিধি: পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে আগামীকাল রোববার থেকে শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিকেরা। শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না।
শনিবার ঢাকার উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। বিজিএমইএ ও বিকেএমইএ আয়োজিত এ সংবাদ সম্মেলনের আগে দুই সংগঠনের যৌথ মতবিনিময় সভায় এক হাজারের বেশি কারখানার মালিক অংশ নেন।
বিজিএমইএ সভাপতি জানান, সাভার, আশুলিয়া ও গাজীপুরে ইতোমধ্যে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শ্রমিক বিক্ষোভের কারণে আরও ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। আগামীকাল যেসব কারখানায় উৎপাদন সম্ভব হবে না, সেগুলোও এ ধারায় বন্ধ রাখার সুযোগ রয়েছে।
তিনি আরও জানান, আগামী সোমবার মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে। তবে শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা অব্যাহত থাকলে মজুরি বোর্ডের আলোচনায় অংশ নেওয়া হবে কি না, সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রেখে কাজে ফেরার আহ্বান জানিয়েছে পাঁচটি শ্রমিক সংগঠনের জোট। শুক্রবার এক যৌথ সংবাদ সম্মেলনে শ্রমিকনেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, এমন কোনো কর্মকাণ্ডে শ্রমিকদের যুক্ত হওয়া উচিত নয়। উসকানি ও অপতৎপরতা থেকেও বিরত থাকার আহ্বান জানান তাঁরা।
উল্লেখ্য, পোশাকশ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। আগামী সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
