খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
নিউজ সিক্সটিন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।
‘নাগরিক সমাজের’ উদ্যোগে আয়োজিত এ সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হবে।
স্মরণসভা উপলক্ষে খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব, ব্যক্তিত্ব এবং দেশ ও জাতির প্রতি অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহর নেতৃত্বে স্মারকগ্রন্থের জন্য রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে nagorikshoronshova@gmail.com ঠিকানায় লেখা পাঠানো যাবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক এবং রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করা হয়।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন খালেদা জিয়া। তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রাম, কারাবরণ ও নানা রাজনৈতিক প্রতিকূলতার মধ্য দিয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি।
