Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ 33 বার পঠিত
মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ
ছবি : কৃষকদের সঙ্গে হাত মেলাচ্ছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ’—এ স্লোগান সামনে রেখে রাজশাহীর মোহনপুরে কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন, নগদ অর্থ এবং রবি মৌসুমের কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে উপকরণ তুলে দেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের আওতায় মোহনপুরে ৫০ জন কৃষকের প্রত্যেককে একটি করে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন দেওয়া হয়েছে। পাশাপাশি মেশিন স্থাপনের ঘর নির্মাণের জন্য প্রত্যেক কৃষককে সাত হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় সরিষা, মসুর, খেসারি ও অড়হর ডালের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বর্তমান সরকার কৃষকদের বিভিন্ন প্রণোদনা ও সহায়তা দিয়ে কৃষির উন্নয়ন এবং কৃষকের ভাগ্যোন্নয়নে কাজ করছে।

তিনি বলেন, এয়ার ফ্লো মেশিনের মাধ্যমে কৃষকরা উৎপাদিত পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। এতে পেঁয়াজের পচন রোধের পাশাপাশি বাজারে ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা এবং আমদানিনির্ভরতা কমাতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে চলমান রবি মৌসুমে সার সরবরাহ নির্বিঘ্ন রাখতে সার ডিলার ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মিলন। এ সময় তিনি বলেন, সার নিয়ে কোনো ধরনের কারসাজি বরদাস্ত করা হবে না। দেশে সারের কোনো ঘাটতি নেই। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সতর্ক থাকার পাশাপাশি বিষয়টি কঠোরভাবে নজরদারির জন্য উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন তিনি।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব-অর-রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগী কৃষকরাও উপস্থিত ছিলেন।

Single News Bottom

অর্থনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে