বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান
নিউজ সিক্সটিন ডেস্ক: বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম সংস্করণে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রকাশিত তালিকায় তারেক রহমানকে ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে রাখা হয়েছে। নতুন সরকারের প্রধান হিসেবে বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো তিনি এই তালিকায় স্থান পেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তালিকার পরিচিতিতে তারেক রহমানকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের ডিসেম্বরে লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে।
পরে ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স্থলাভিষিক্ত হন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হওয়ায় এবারের তালিকায় ড. মুহাম্মদ ইউনূসের নাম রাখা হয়নি।
