ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: বিদ্যুৎ সচিব
বগুড়া প্রতিনিধি: দেশে প্রায় এক কোটি ৬৩ লাখ ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। আগামী গ্রীষ্মের আগেই সরকারি স্থাপনাগুলোতে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে সারাদেশে সমন্বিত কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সচিব মিজ্ মিরানা মাহরুখ।
শনিবার (১৪ নভেম্বর) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরপ্রধানদের সঙ্গে রুফটপ সোলার বিষয়ক অগ্রগতি পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সচিব বলেন, দেশের প্রায় এক কোটি ৬৩ লাখ ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনের বিশাল সম্ভাবনাময় সম্পদ। এসব ছাদ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো গেলে নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য জমির ব্যবহার কমবে। একই সঙ্গে কৃষিজমি রক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে। এ কারণেই সরকার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
তিনি আরও বলেন, কর্মসূচি বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। সরকারি ভবনগুলোর ছাদের আয়তন ও সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি শিল্পকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনেও সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সচিব জানান, সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সরকার ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। এর আওতায় অপেক্স এবং প্রযোজ্য ক্ষেত্রে ক্যাপেক্স মডেলে প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া আট হাজারের বেশি সার্ভিস প্রোভাইডার নির্বাচন করা হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর ওয়েবসাইটে এসব প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের ১২ নভেম্বর জারি করা পরিপত্র অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে সরকারি ও বেসরকারি স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের কারিগরি ও সমন্বয় কমিটির মাধ্যমে কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, সার্ভিস প্রোভাইডার বা বিনিয়োগকারী নিয়োগে আগ্রহপত্র আহ্বান এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুল ইসলাম। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
