Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

দেশের মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ সিক্সটিন ডেস্ক প্রকাশ : শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬ 63 বার পঠিত
দেশের মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি : বাবুনগর মাদ্রাসার মহাসম্মেলনে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
Single News Top

নিউজ সিক্সটিন ডেস্ক: দেশের মানুষ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা গণহত্যা চালিয়েছে, দীর্ঘ ১৬ বছর আলেম-ওলামাদের রক্ত ঝরিয়েছে এবং মসজিদকে রক্তাক্ত করেছে, এ দেশের মানুষ তাদের আর রাজনীতি করতে দেবে না।

শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের আগে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহাসম্মেলনের দ্বিতীয় দিনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনার নীতি থেকে দেশকে বের করে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও রাষ্ট্রের পূর্ববর্তী নীতিগুলো পুনঃপ্রতিষ্ঠা করতে চান তাঁরা। একই সঙ্গে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার নীতিতে মহান আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাসের বিষয়টি পুনরায় ধারণ করার কথা বলেন তিনি।

সরকারের বিরুদ্ধে অতীতের নির্যাতনের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৬ থেকে ১৭ বছরে প্রায় তিন হাজার মানুষ গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি নিজেও তাঁদের একজন ছিলেন বলে উল্লেখ করেন। এ সময় তিনি বলেন, তাঁরা হারানো সম্মান পুনরুদ্ধার করতে চান।

ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করা ব্যক্তিদের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের কর্মকাণ্ডের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। তারা শুধু দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ইসলামের মূলনীতি অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা ও রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্যায়, অবিচার, দুঃশাসন ও দুর্নীতির কারণে দেশের মানুষ দীর্ঘদিন ভোগান্তির শিকার হয়েছে। এমনকি খালেদা জিয়ার মতো একজন মানুষকেও বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না।

জুলাই গণ-অভ্যুত্থান ও জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে প্রণীত জুলাই সনদ বাস্তবায়নে তাঁদের প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি সংবিধানে ইসলামি মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে।

আন্দোলনকারীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিভ্রান্তি সৃষ্টি না করে গঠনমূলক সমালোচনা করা উচিত। সরকারকে সহযোগিতা করা যেতে পারে, তবে দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো সহযোগিতা করা যাবে না।

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির বিষয়ে তিনি বলেন, দেশকে ঐক্যবদ্ধ রেখে রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। দেশের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি আলেম-ওলামা ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নেও কাজ করতে হবে।

মহাসম্মেলনে আরও উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা পুলিশ সুপার মাসুদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Single News Bottom

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে