পবার ১২১ এতিম শিশুর পাশে গ্লোবাল ওয়ান, খাদ্য-শিক্ষা ও চিকিৎসাসহায়তা প্রদান
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার ১২১ জন এতিম শিশুর খাদ্য, শিক্ষা ও চিকিৎসাসহায়তায় এগিয়ে এসেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা গ্লোবাল ওয়ান বাংলাদেশ। সংস্থাটির ‘অরফানকেয়ার প্রজেক্ট’-এর আওতায় শিশুদের জন্য ত্রৈমাসিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের খাদ্য, শিক্ষা ও মৌলিক চাহিদা পূরণে গ্লোবাল ওয়ানের এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের মানবিক কার্যক্রম সমাজের অন্য প্রতিষ্ঠানগুলোকেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।
তিনি আরও বলেন, শিশুদের শিক্ষা, পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতের জন্য যোগ্য করে গড়ে তুলতে হবে। শুধু পবা নয়, পর্যায়ক্রমে পুরো রাজশাহী জেলায় এ ধরনের কার্যক্রম সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ওয়ানের বোর্ড ডিরেক্টর আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন এবং গ্লোবাল ওয়ান বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মো. রমজান আলী।
অনুষ্ঠানে ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তৃতীয় ত্রৈমাসিকের সহায়তা হিসেবে প্রত্যেক শিশুকে ১ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি শিশুর পরিবারের জন্য চাল, ডাল, তেল, আটা, পেঁয়াজ, আলু, লবণ, চিনি, গুঁড়া দুধ, হরলিক্স ও বিস্কিটসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ ছাড়া শিশুদের পড়াশোনার উপকরণ হিসেবে খাতা, কলম ও রঙিন পেনসিল এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য গোসল ও কাপড় কাচার সাবান দেওয়া হয়। শিশুদের বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবার ব্যবস্থাও করা হয়।
গ্লোবাল ওয়ান বাংলাদেশ জানায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা এবং নিরাপদ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। শিশুদের নিয়মিত পড়াশোনা অব্যাহত রাখা ও জীবনমান উন্নয়নে নিয়মিত এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সহায়তা বিতরণ শেষে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশুরা আনন্দঘন পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
