বিশ্বজুড়ে সুনামের সঙ্গে কাজ করছেন বাংলাদেশের শিক্ষার্থীরা: ভূমিমন্ত্রী
রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় প্রতিষ্ঠানে শিক্ষা অর্জনের পাশাপাশি সুনামের সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুলে একটি বড় ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ইয়েলো বাসের ব্যবস্থা করারও চেষ্টা করা হবে। এই প্রতিষ্ঠানের সমস্যাকে সবার সমস্যা হিসেবে বিবেচনা করে শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন। শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত পড়াশোনা। প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।
মিনু বলেন, প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া, শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং মানসম্মত শিক্ষা অর্জন করা শিক্ষার্থীদের দায়িত্ব। এর আগে তিনি শহীদ ডিআইজি মামুন মাহমুদসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মো. এরশাদ আলী ঈশা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এ সময় রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইয়াকুব আলী, আরএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
