রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
রাজশাহী প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। পরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়।

সমাবেশে বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দেখানো পথ অনুসরণ করে বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান স্বাধীনতাযুদ্ধে সর্বোচ্চ অবদান রেখেছেন এবং তাঁর নেতৃত্বেই দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ পেয়েছিল।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিভিন্ন থানা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় নগরীর বাটার মোড়ে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
