ডেমোক্রেসি ডিবেট চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জবি প্রতিনিধি : ‘ডেমোক্রেসি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (JnUDS)। আন্তবিশ্ববিদ্যালয় এ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘Youth Voices, Democratic Values and Constructive Dialogue’ প্রতিপাদ্যে আয়োজিত প্রতিযোগিতায় আটটি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল অংশ নেয়।
প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন মো. মেহেদী হাসান, তাসমিয়া তাহমিদ আপন ও মাহমুদুল হাসান তুষার। তিনটি পর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিয়ে রানার্স-আপ হওয়ার কৃতিত্ব অর্জন করে দলটি।
প্রতিযোগিতার আয়োজন করে Civic Youth Bangladesh (CYB)। এতে পার্টনার হিসেবে ছিল Research Initiative for Social Harmony (RISH) এবং অর্থায়নে সহযোগিতা করে বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাস। সার্বিক সহযোগিতায় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
আয়োজকদের লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, নাগরিক সচেতনতা, যুক্তিনির্ভর চিন্তা ও গঠনমূলক সংলাপের চর্চা উৎসাহিত করা।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
