সুনামগঞ্জ সীমান্তে ৬ বাংলাদেশিসহ মানব পাচারের অভিযোগে আটক ৭
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ছয় বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে আরও দুই ব্যক্তি পালিয়ে যায়।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সদস্যরা বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১২৩১/৪-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ছয় বাংলাদেশির মধ্যে দুজন গোপালগঞ্জ জেলার এবং চারজন মাদারীপুর জেলার বাসিন্দা। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তারা দীর্ঘদিন ভারতে অবস্থান করে কাজ করতেন।
তবে তারা কীভাবে ভারতে গিয়েছিলেন এবং কী পরিস্থিতিতে দেশে ফিরেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া তাদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে স্থানীয় এক ব্যক্তিকে মানব পাচারকারী হিসেবে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পালিয়ে যাওয়া আরও দুই ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগে গত ২১ অক্টোবর বাঁশতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মানব পাচারের শিকার দুই বাংলাদেশি নাগরিক ও এক মানব পাচারকারীকে আটক করেছিল বিজিবি। পরে এ ঘটনায় দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ২৮ বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন, নিয়মিত ও বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানব পাচার, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে নজরদারি জোরদারে ড্রোন, সিসি ক্যামেরা ও সার্চলাইটসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।
দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং জনগণের জানমাল রক্ষায় বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
