Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে জাতীয় যুব দিবস পালিত, তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : রবিবার, ০১ নভেম্বর, ২০২৬ 59 বার পঠিত
রাজশাহীতে জাতীয় যুব দিবস পালিত, তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান
ছবি : জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজশাহীতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার বিকেলে নগরের সিঅ্যান্ডবি এলাকায় জাতীয় শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির রাজশাহী এডিপিসিওর জ্যেষ্ঠ ব্যবস্থাপক লোটাস চিসিম।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে দক্ষ ও কর্মমুখী যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের কর্মসংস্থানের পাশাপাশি কারিগরি শিক্ষা, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, তরুণদের চাকরির অপেক্ষায় না থেকে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তরুণদের অংশগ্রহণে রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর নগর হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম রয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা, যুব নেতৃত্ব ও দক্ষতা প্রশিক্ষণে সহযোগিতা করতে চান তিনি। তবে এসব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে লোটাস চিসিম বলেন, আধুনিক ও কারিগরি শিক্ষার মাধ্যমে যুবকদের দক্ষ করে গড়ে তুলতে হবে। পাশাপাশি স্থানীয় সমস্যা সমাধান ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুরুল কাদের, কারিতাস বাংলাদেশের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক অরূপ টপ্প, সাংবাদিক সোজাউদ্দিন ছোটন এবং লেখক, গবেষক ও যুবনেতা জুলফিকার রহমান।

যুবকদের পক্ষে বক্তব্য দেন ফেরদৌস আহমেদ। আলোচনা সভা শেষে শিশু-কিশোর ও তরুণদের অংশগ্রহণে নাচসহ বিভিন্ন পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে