ঢাবিতে একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ সিক্সটিন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাতের আঁধারে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমনটা বলা যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিচ্ছিন্ন ও প্রতীকী কয়েকটি ঘটনাকে একত্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলে তুলে ধরা ঠিক নয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানান। একই সঙ্গে শিল্প খাতে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এর পেছনে পতিত ফ্যাসিবাদী শক্তির চক্রান্ত রয়েছে বলে দাবি করেন তিনি। দেশের ভেতরে থাকা তাদের সহযোগীদের পাশাপাশি সীমান্তের ওপার থেকেও এসব কর্মকাণ্ডে ইন্ধন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ।
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের ভেতরে ও বাইরে থেকে এ প্রচেষ্টায় বিনিয়োগ করা হয়েছে। তবে সরকার সেই চেষ্টা সফলভাবে ভণ্ডুল করেছে।
তিনি জানান, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন শিল্পাঞ্চলে কারখানার নিরাপত্তায় শিল্প পুলিশ, নিয়মিত পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। উৎপাদন ও রপ্তানি কার্যক্রম সচল রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষায় সরকার নজর রাখছে।
শিল্প মালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের নেতাদের সঙ্গে একাধিক দফায় বৈঠক হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সরকারকে সহযোগিতা করছেন। তবে কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের সহযোগীরা কয়েকজন শিল্প মালিকের সহায়তায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে সরকার লক্ষ্য করেছে। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি।
শিল্প মালিক, বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করে তিনি বলেন, দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে তা দমন করবে।
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আগের দিন সিএমএম আদালত এলাকায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অন্য একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এমন একটি বিচ্ছিন্ন ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, তা বলা যায় না। একইভাবে রাতের অন্ধকারে পরিত্যক্ত কিংবা চালক-হেলপারবিহীন বাস বা গাড়িতে আগুন দেওয়ার ঘটনাতেও দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না।
তিনি বলেন, ‘এই দুই-একটা সিম্বলিক ঘটনাকে একত্রিত করে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা হয়, এইটা আমার মনে হয় যৌক্তিক না।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি-অবনতি নিয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত সরকারের কাছে রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অপরাধের পরিসংখ্যান এবং আগের বছরের একই সময়ের তথ্য তাঁর কাছে রয়েছে। কোন কোন খাতে উন্নতি হয়েছে এবং কোথায় অপরাধ বেড়েছে বা কমেছে, তা বিশ্লেষণ করেই সংসদে বিস্তারিত বক্তব্য দেবেন তিনি।
সংসদে উত্থাপিত হত্যাকাণ্ডের পরিসংখ্যান প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের ওয়েবসাইট থেকে নেওয়া তথ্যে ২ হাজার ৯২৯টি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে। সংখ্যাটি ২ হাজার ৯৩৮ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তবে শুধু একটি সময়ের পরিসংখ্যান দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এ ক্ষেত্রে আগের বছরের একই সময়ের তথ্যের সঙ্গে তুলনা করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, গত বছরের একই সময়ের তুলনায় এবার হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০ কমেছে। এ বিষয়ে সংবিধানের ৩০০ বিধিতে সংসদে বিস্তারিত তথ্য-উপাত্তসহ বিবৃতি দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার নয়, বুধবার এ বিষয়ে বক্তব্য দেবেন।
বক্তব্যের শেষাংশে দেশের ভেতরে ও বাইরে থেকে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সরকার সতর্ক রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গণ-অভ্যুত্থানের মুখে পতিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার মতো পরিস্থিতি কেউ তৈরি করলে তা জাতির সামনে উন্মোচন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রয়োজনে এসব ষড়যন্ত্রে জড়িতদের বিষয়ে প্রমাণসহ বিস্তারিত তুলে ধরবেন বলে জানান সালাহউদ্দিন আহমদ।
