গ্রীষ্মের আগেই ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা: জ্বালানিমন্ত্রী
রাজশাহী প্রতিনিধি: দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আগামী বছরের গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গত আট মাসে দেশে বিদ্যুৎ সরবরাহের জন্য সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। যুদ্ধের কারণে বিশ্বজুড়েই বিদ্যুৎ ও জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। বর্তমানে দেশের এ সংকট মোকাবিলায় একটি পথই খোলা রয়েছে, আর সেটি হলো সৌরবিদ্যুৎ।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য আগামী বছরের গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। এ লক্ষ্য অর্জন সম্ভব হলে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি দেশের কৃষি অর্থনীতির উন্নয়নও অব্যাহত রাখা সম্ভব হবে।
বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনে সবাইকে উৎসাহিত করে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। ব্যক্তি পর্যায়ে সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনে নেবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজশাহীর কর্মসূচি শেষে বৃহস্পতিবার বিকেল ৩টায় নাটোর জেলায় একই ধরনের আরেকটি অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।
