কাতারে প্রেষণে গেলেন নৌবাহিনীর আরও ২৪ সদস্য, সংখ্যা বেড়ে ১৬১
নিউজ সিক্সটিন ডেস্ক: কাতার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি বিভাগে (QCBSD) দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর আরও ২৪ সদস্য কাতার গেছেন। নতুন সদস্যরা যোগ দিলে সেখানে দায়িত্ব পালনরত বাংলাদেশি নৌসদস্যের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৬১ জনে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কাতারের উদ্দেশে যাত্রা করেন তাঁরা।
কাতারে অবস্থানকালে এসব নৌসদস্য QCBSD-এর অধীনে বিভিন্ন অপারেশনাল ও প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। নিজেদের পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সামরিক জ্ঞান কাজে লাগিয়ে সংশ্লিষ্ট কার্যক্রমে অবদান রাখবেন তাঁরা।
বাংলাদেশ নৌবাহিনীর তথ্য অনুযায়ী, এর আগে কাতারের ওই বিভাগে ১৩৭ জন বাংলাদেশি নৌসদস্য দায়িত্ব পালন করছিলেন। নতুন ২৪ জন যোগ দিলে এ সংখ্যা বেড়ে ১৬১ হবে।
এর আগে চলতি বছরের এপ্রিলে কাতারের QCBSD-এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে। ওই সময় অতিরিক্ত নৌসদস্য প্রেষণে নিয়োগের বিষয়েও আলোচনা হয়।
কাতারের কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি বিভাগের দায়িত্বের মধ্যে রয়েছে উপকূল ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণ এবং অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা।
এদিকে কাতারে বাংলাদেশের সামরিক সহযোগিতার পরিধিও বাড়ছে। ২০২৫ সালের নভেম্বরে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে তিন বছরের জন্য ৮০০ জন সামরিক সদস্য প্রেষণে নিয়োগের ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে এ মেয়াদ ছয় বছর পর্যন্ত বাড়ানো যাবে। পাশাপাশি বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর জন্য আরও ৫০০টি পদে নিয়োগের প্রক্রিয়া সম্পন্নের পরিকল্পনার কথাও জানানো হয়েছে।
নৌবাহিনীর সদস্যদের এ দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশ ও কাতারের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: বাংলাদেশ নৌবাহিনীর আনুষ্ঠানিক ঘোষণা।
