Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

৭ নভেম্বরের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

নিউজ সিক্সটিন ডেস্ক প্রকাশ : শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬ 51 বার পঠিত
৭ নভেম্বরের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
ছবি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ছবি: সংগৃহীত
Single News Top

নিউজ সিক্সটিন ডেস্ক: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জাতীয় স্বার্থ, সাম্য, ন্যায্যতা ও গণতন্ত্রচর্চাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে।

শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

বাণীর শুরুতে রাষ্ট্রপতি দিবসটি উপলক্ষে দেশের সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবে অংশগ্রহণকারী বীর সেনানী ও দেশপ্রেমিক জনতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ঐতিহাসিক ৭ নভেম্বরকে জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথে এগিয়ে যায়। ওই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন এবং জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন।

তিনি বলেন, সিপাহি ও জনতার সংহতি ছিল স্বাধীনতার চেতনায় উজ্জীবিত এক অভূতপূর্ব জাগরণ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সশস্ত্র বাহিনী সব সময় ঐক্য ও সংহতির পরিচয় দিয়েছে।

রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, একই চেতনার পুনর্জাগরণ ঘটে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে। ছাত্র-ছাত্রী, নারী-পুরুষ, সশস্ত্র বাহিনীর সদস্যসহ সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণে দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান ঘটে এবং দেশ নতুন রাজনৈতিক যাত্রার সুযোগ পায়।

বাণীতে রাষ্ট্রপতি আরও বলেন, ৭ নভেম্বরের চেতনার ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন, বাক্‌স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন। পাশাপাশি অর্থনৈতিক মুক্তি, সামাজিক শান্তি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করেন। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতিকে ঐক্যবদ্ধ করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র হয়েছে, গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে এবং ফ্যাসিবাদী শাসনের উদ্ভব ঘটেছে। তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নির্বাচিত সরকারের নেতৃত্বে দেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।

এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। জাতীয় সমস্যার সমাধানে পারস্পরিক শ্রদ্ধা, আলোচনা এবং জাতীয় সংসদকে কেন্দ্রবিন্দুতে রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি আরও বলেন, ৭ নভেম্বরের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। জাতীয় স্বার্থ, সাম্য, ন্যায্যতা ও গণতন্ত্রচর্চা পাবে সর্বোচ্চ গুরুত্ব।

পরিশেষে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি।

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে