দুই ঘোড়ায় ভাগ্য বদল নীলফামারীর দিনমজুরের
নীলফামারী প্রতিনিধি: অভাব-অনটনের সংসারে স্বচ্ছলতা ফেরাতে মাত্র ১৪ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দিনমজুর এনামুল ইসলাম ওরফে মারেয়া। দুটি ঘোড়া কিনে হাল চাষ শুরু করে আড়াই বছরের ব্যবধানে বদলে দিয়েছেন নিজের জীবনের চিত্র। এখন ঘোড়ার হাল চাষ করে প্রতিদিন আয় করছেন ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা।
এনামুলের বাড়ি উপজেলার নান্নুরবাজারের কবিরাজপাড়া এলাকায়। তাঁর বাবার নাম এন্তাজ। তিন কন্যাসন্তানের জনক এনামুলের অভাবের সংসারে একসময় চাষাবাদের গরু থাকলেও মেয়ের বিয়ের সময় সেগুলো বিক্রি করে দিতে হয়। পরে গরু কেনা ও লালন-পালনের খরচ বিবেচনা করে বিকল্প হিসেবে ঘোড়া দিয়ে হাল চাষের সিদ্ধান্ত নেন তিনি।
স্থানীয় এক ভাগ্নের মাধ্যমে ইসমাইল এলাকা থেকে ১৪ হাজার টাকায় দুটি মাদী ঘোড়া কেনেন এনামুল। এরপর নিজেই ঘোড়া দুটিকে জমি চাষের উপযোগী করে প্রশিক্ষণ দেন। শুরুতে নানা প্রতিবন্ধকতা থাকলেও বর্তমানে তাঁর এই উদ্যোগ বেশ ভালোভাবে চলছে।

সম্প্রতি কৃষক রবিউল ইসলামের জমিতে ভোরে ঘোড়া দিয়ে হাল চাষ করতে দেখা যায় এনামুলকে। তিনি জানান, বর্তমানে ঘোড়ার হাল চাষের চাহিদা বেড়েছে। নিয়মিত বিভিন্ন জমিতে কাজের ডাক পান। প্রতিদিন কাজের পরিমাণ অনুযায়ী ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত আয় হয়।
ঘোড়া দুটির খাবার ও পরিচর্যা সম্পর্কে এনামুল বলেন, সারাদিন নদীর ধারে ঘাস খায় ঘোড়া দুটি। সন্ধ্যায় বাড়িতে এনে ভুষি ও ভেজানো শুকনো খাবার দিলেই চলে। বর্ষাকাল কিংবা উঁচু জমি—বিভিন্ন মৌসুমেই ঘোড়া দিয়ে হাল চাষ করা যায়।
পারিবারিক জীবনেও এসেছে স্বস্তি। তিন মেয়ের বিয়ে দিয়েছেন তিনি। বর্তমানে স্ত্রী মরজিনাকে নিয়ে তাঁর সংসার। স্ত্রীও ঘরের কাজের পাশাপাশি গবাদিপশুর দেখাশোনা করেন। ঘোড়ার হাল চাষের পাশাপাশি ভ্যান চালিয়েও বাড়তি আয় করেন এনামুল।
মাত্র ১৪ হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করা তাঁর এই উদ্যোগ এখন জীবিকার অন্যতম অবলম্বন। সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতার মধ্যেও বিকল্প পথ খুঁজে নিয়ে ঘুরে দাঁড়ানোর এই গল্প স্থানীয়ভাবে ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে উঠেছে।
