সমবায়ীদের বাদ দিয়েই সমবায় দিবস, ক্ষোভ তারাগঞ্জে
রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপনে অধিকাংশ সমবায়ীকে সম্পৃক্ত না করার অভিযোগ উঠেছে উপজেলা সমবায় দপ্তরের বিরুদ্ধে। নির্বাচিত কয়েকজনকে নিয়ে দায়সারা আয়োজন এবং সাধারণ সমবায়ীদের ‘নিম্ন শ্রেণি’ বলে কটাক্ষ করার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সমবায়ীরা।
রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। তবে স্থানীয় সমবায়ীদের অভিযোগ, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুন্নাহার নিজের পছন্দ অনুযায়ী নির্দিষ্ট কয়েকজনকে আমন্ত্রণ জানিয়ে কর্মসূচি সম্পন্ন করেছেন। এতে উপজেলার অধিকাংশ সমবায়ী অংশগ্রহণের সুযোগ পাননি।
সমবায়ীদের আরও অভিযোগ, দায়িত্ব পালনে অনিয়ম, নিয়মিত অফিসে উপস্থিত না থাকা এবং দাপ্তরিক কাজে বৈষম্যের ঘটনা ঘটছে। পাশাপাশি সাধারণ সমবায়ীদের সঙ্গে অবমাননাকর আচরণের অভিযোগও তুলেছেন তাঁরা। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তবে উপজেলা সমবায় কর্মকর্তা শামসুন্নাহার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনাদের যা খুশি রিপোর্ট করেন, তাতে আমার কিছু যায় আসে না।”
সমবায়ীদের দাবি, জাতীয় সমবায় দিবস কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং সব সমবায়ীর অংশগ্রহণ ও মর্যাদা নিশ্চিত করার দিন। তাই উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
