পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব
নিউজ সিক্সটিন ডেস্ক: তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এ প্রস্তাব জমা দেওয়া হয়। তবে এখনো চূড়ান্ত হয়নি নতুন মজুরি কাঠামো।
সভা শেষে শ্রমিক প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার জানান, বর্তমান বাজারদর, চিকিৎসা ব্যয় ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে সর্বোচ্চ গ্রেডের মজুরি ৪৮ হাজার টাকা রাখার কথাও বলা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব রয়েছে।
অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধি সভায় মজুরি প্রস্তাব জমা দিতে পারেননি। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম শামসুদ্দিন জানান, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও কারখানার পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত থাকায় তাঁরা প্রস্তাব প্রস্তুত করতে পারেননি। এ জন্য আরও সাত কর্মদিবস সময় চাওয়া হয়েছিল।
তবে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব না দিলে বোর্ড নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
উল্লেখ্য, বর্তমানে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের শেষ দিকে সর্বশেষ মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছিল। শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গত ১ নভেম্বর নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।
শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাব পর্যালোচনা করে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করবে বোর্ড।
