কাশিমপুর কারাগারে হত্যা মামলার হাজতির আত্মহত্যা
শৌচাগারের দরজায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন রাজু, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু ঘোষণা
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ রাজু নামে হত্যা মামলার এক হাজতি আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
কারা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার বিকেলে কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাজু। বিষয়টি দেখতে পেয়ে দায়িত্বে থাকা কারারক্ষীরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাজু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে রাজুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
