গোদাগাড়ীতে কিশোর অটোচালক হত্যা, হাতুড়ি-অটোরিকশাসহ গ্রেপ্তার ৪
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে কিশোর অটোচালক সিহাব রানা (১৬) হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গোদাগাড়ী মডেল থানার লস্করহাটী গ্রামের মো. ইব্রাহিম আলীর ছেলে মো. হাবিবুল বাসার শিমুল ও তার স্ত্রী মোসা. জোহুরা বেগম। অপর দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার জয়নগর মীরপাড়া গ্রামের মৃত রমজান আলীর বিশ্বাসের ছেলে মো. সুজন এবং বাগানপাড়া গ্রামের মো. মতিউর রহমানের ছেলে মো. আব্দুল হালিম।
রাজশাহী জেলা পুলিশের মিডিয়া বিভাগ জানায়, জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মো. সামসুল আলম, গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাজ্জাক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গত ১ নভেম্বর নিহত সিহাব রানার বাবা মো. সোহেল রানা বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। এরপর থেকে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করে পুলিশ।
অভিযান শেষে গ্রেপ্তার চারজনকে উদ্ধার করা আলামতসহ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
