ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর টেনিস খেলোয়াড় রাকীন
রাজশাহী প্রতিনিধি: আগামী ১১ থেকে ১৪ নভেম্বর ২০২৬ ভিয়েতনামের ফান থিয়েট শহরের তিয়েন থানহ এলাকায় অবস্থিত নোভাওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ থেকে চারজন খেলোয়াড় ও একজন কোচ আজ রোববার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করবেন। বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক এ আসরে অংশ নেবেন রাজশাহীর সন্তান রাকীন রহমান।
রাকীন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটনের একমাত্র সন্তান।
ডেভিস কাপে অংশগ্রহণ প্রসঙ্গে মোঃ রাকীন রহমান রাকীন বলেন, “এত বড় একটি আন্তর্জাতিক আসরে অংশ নিতে যাচ্ছি, এতে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি সবার কাছে আমার ও আমার দলের জন্য দোয়া চাই। আমরা যেন এ প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করে দেশের সম্মান বয়ে আনতে পারি।”
রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী বলেন, “রাজশাহীর কৃতি সন্তান মোঃ রাকীন রহমান রাকীনের ডেভিস কাপের মতো আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তার এই অর্জন রাজশাহীর ক্রীড়াঙ্গনের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমরা আশা করি, রাকীন তার মেধা, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ভালো পারফরম্যান্স করবে এবং দেশের জন্য সম্মান বয়ে আনবে। আমি রাকীনসহ বাংলাদেশ দলের সকলের সফলতা কামনা করছি।”
