রামেকে ছাত্রলীগের দুই নেতা আটক, মোহনপুরে আরও দুই কর্মী গ্রেপ্তার
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন রামেক শাখা ছাত্রলীগের সভাপতি শুভ সরকার ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান। এ ছাড়া মশাল মিছিলের প্রস্তুতিকালে রাজশাহীর মোহনপুর থেকে সংগঠনটির আরও দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে রামেক হাসপাতালের পরিচালকের কার্যালয়ে পরিচালকের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে শুভ সরকার ও নাহিদ হাসানকে অবরুদ্ধ করেন সাধারণ শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ সংগঠনের দুই নেতার সঙ্গে পরিচালকের গোপন বৈঠকের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কার্যালয়ের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় শিক্ষার্থীরা তালা ভেঙে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়।
পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশসহ এসআরবি ও সিআরটির সদস্যরা সেখানে উপস্থিত হয়ে শুভ সরকার ও নাহিদ হাসানকে আটক করে থানায় নিয়ে যান।
অন্যদিকে, একই দিন দুপুরে মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে মোহনপুর থানা পুলিশ।
