রাজশাহী বিমানবন্দরের ফটকের পাশে দুটি গ্রেনেড উদ্ধার, পরে নিষ্ক্রিয়
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশে ফুলগাছের ভেতর থেকে দুটি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এক পথচারী বস্তু দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেগুলো নিষ্ক্রিয় করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের ভেতরে বস্তু দুটি পড়ে থাকতে দেখে এক পথচারী এয়ারপোর্ট থানার বায়া পুলিশ ফাঁড়িতে খবর দেন। বিষয়টি জানার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের অবহিত করে।
নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বিমানবন্দরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট খুলে দেওয়া হয়। এতে বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে গ্রেনেড সদৃশ বস্তু দুটি বিমানবন্দর এলাকা থেকে সরিয়ে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেগুলো নিষ্ক্রিয় করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে প্রধান ফটক বন্ধ রাখা হয়েছিল।
তিনি আরও জানান, গ্রেনেড সদৃশ বস্তু দুটি কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
