Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহী টার্ফ ঘিরে নানা অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ 95 বার পঠিত
রাজশাহী টার্ফ ঘিরে নানা অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি
ছবি : অভিযোগের মুখে রাজশাহীর বিনোদনকেন্দ্র ‘রাজশাহী টার্ফ’।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: পদ্মায় নোঙর করা পর্যটন জাহাজ ‘সোনার তরী’তে নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএর অভিযানের পর এবার আলোচনায় এসেছে রাজশাহীর বিনোদনকেন্দ্র ‘রাজশাহী টার্ফ’। প্রতিষ্ঠানটির আয়-ব্যয়, বিনিয়োগ ব্যবস্থাপনা, কক্ষ ভাড়া ও পরিচালনা পদ্ধতি নিয়ে নানা অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকেরা।

জানা যায়, রাজশাহী টার্ফের যাত্রা শুরু হয়েছিল ফুটবল খেলার মাঠ হিসেবে। পরবর্তী সময়ে সেখানে রেস্টুরেন্ট, সুইমিংপুলসহ বিভিন্ন বিনোদনমূলক অবকাঠামো গড়ে তোলা হয়। এসব প্রকল্পে একাধিক ব্যক্তি বিনিয়োগ করলেও বর্তমানে আয়-ব্যয় ও মুনাফা বণ্টনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টদের কেউ কেউ।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির বিভিন্ন কক্ষ দিনব্যাপী ভাড়ার ব্যবস্থা ছিল। এসব কক্ষে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো বলেও স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন। পাশাপাশি বিভিন্ন প্রকল্প থেকে অর্জিত আয় ও মুনাফার যথাযথ হিসাব বিনিয়োগকারীদের দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিষ্ঠানটির মালিকানা ও পরিচালনা নিয়েও নানা আলোচনা রয়েছে। স্থানীয় পর্যায়ে গুঞ্জন রয়েছে, প্রশাসনের এক প্রভাবশালী কর্মকর্তা তাঁর এক নিকটাত্মীয়ের নামে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। তবে এ বিষয়ে কোনো দাপ্তরিক তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

সম্প্রতি নৌ-পুলিশের অভিযানের পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি সরকারি সনদ দেখিয়ে বৈধতার বিষয়টি তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে ওই সনদের আওতা, কার্যকারিতা এবং প্রতিষ্ঠানটির অন্যান্য কার্যক্রমের অনুমোদন রয়েছে কি না, তা যাচাইয়ের দাবি উঠেছে।

এদিকে, রাজশাহীতে রয়্যাল টার্ফ ও ইনডোর পার্কসহ একাধিক বিনোদনকেন্দ্র রয়েছে। নগরীতে সুস্থ বিনোদন পরিবেশ নিশ্চিত করতে রাজশাহী টার্ফের আয়-ব্যয়ের হিসাব, বিনিয়োগসংক্রান্ত নথি, অতিথি নিবন্ধন খাতা ও অনুমোদনপত্র খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকেরা।

অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে