কুচিয়া ধরেই ২০ বছর ধরে চলে মঙ্গল রায়ের সংসার
নীলফামারী প্রতিনিধি: জীবিকার তাগিদে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে কুচিয়া সংগ্রহ ও বিক্রি করছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চেয়ারম্যানপাড়ার বাসিন্দা মঙ্গল রায় (৪২)। জলাশয়, বিল আর কাদামাটির সঙ্গে প্রতিদিনের জীবন জড়িয়ে থাকা এই মানুষটির উপার্জনেই চলে ছয় সদস্যের সংসার। তাঁর এই কাজে সহযোগিতা করেন স্ত্রী একাদশী।
মঙ্গল রায়ের জীবিকার প্রধান উৎস কুচিয়া শিকার। সারা বছর কমবেশি কুচিয়া পাওয়া গেলেও বাংলা বছরের চৈত্র মাসে জলাশয় ও বিলের পানি কমে যাওয়ায় কুচিয়া সংগ্রহের পরিমাণ বেড়ে যায়। এ সময় তাঁর আয়ও তুলনামূলক বেশি হয়।

কুচিয়া ধরতে নানা কৌশল অবলম্বন করেন মঙ্গল। পুরোনো ও নতুন গর্তের মুখে কেঁচো টোপ দিয়ে বর্শির সাহায্যে কুচিয়া শিকার করেন। এ ছাড়া পেয়া, ইচিলা, পুঁটি কিংবা ছোট মাছ ব্যবহার করেও কুচিয়া ধরেন তিনি।
মঙ্গলের এই কাজে স্ত্রী একাদশীও সার্বিক সহযোগিতা করেন। স্বামী-স্ত্রীর যৌথ পরিশ্রমেই সচল রয়েছে তাঁদের সংসার। ছয় সদস্যের পরিবারে রয়েছেন বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি এবং তিন কন্যাসন্তান। বড় মেয়ের বিয়ে হয়েছে। অন্য দুই মেয়ে এখনো পড়াশোনা করছে।
কুচিয়া বিক্রি করে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ আয় হয় না মঙ্গলের। কোনো দিন ৬০০ টাকা, আবার কোনো দিন ৩ হাজার টাকা পর্যন্ত উপার্জন করেন তিনি। জলাশয়ে পানি কমে গেলে কুচিয়া বেশি পাওয়া যায়, ফলে আয়ও বাড়ে। তবে এই আয় দিয়েই পরিবারের ভরণপোষণ ও সন্তানদের পড়াশোনার খরচ চালাতে হয় তাঁকে।
দীর্ঘদিনের এই পেশায় বড় কোনো স্বপ্ন নেই মঙ্গলের। তাঁর প্রত্যাশা, পরিশ্রম করে পরিবারের সদস্যদের নিয়ে ভালোভাবে বেঁচে থাকা এবং দুই পড়ুয়া মেয়ের ভবিষ্যৎ নিশ্চিত করা। জল-কাদার মধ্যে প্রতিদিনের সংগ্রামই তাঁর জীবনের বাস্তবতা।
