Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

ব্রিটিশ বৈদ্যুতিক গাড়িতে ১০ শতাংশ শুল্ক স্থগিতের পথে ইইউ

নিউজ সিক্সটিন ডেস্ক প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ 44 বার পঠিত
ব্রিটিশ বৈদ্যুতিক গাড়িতে ১০ শতাংশ শুল্ক স্থগিতের পথে ইইউ
ছবি : ব্রিটিশ ইভিতে শুল্ক স্থগিতের পরিকল্পনা ইইউর। ছবি: সংগৃহীত
Single News Top

নিউজ সিক্সটিন ডেস্ক: যুক্তরাজ্য থেকে আমদানি করা বৈদ্যুতিক গাড়ির (ইভি) ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে এ শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম *ফিন্যান্সিয়াল টাইমস* (এফটি) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শুল্ক কার্যকরের সময়সীমা পিছিয়ে দেওয়ার বিষয়ে ইউরোপীয় কমিশন গাড়ি শিল্পের বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করছে। এ ক্ষেত্রে এক বছরের জন্য শুল্ক স্থগিত রাখা অথবা দুই বছরের বিশেষ পরিকল্পনা চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। আগামী ২০ নভেম্বর ইইউ-যুক্তরাজ্য শীর্ষ সম্মেলনের পর এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে।

ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তি অনুযায়ী, যুক্তরাজ্য ও ইইউর মধ্যে বৈদ্যুতিক গাড়ি শুল্কমুক্তভাবে বাণিজ্যের জন্য স্থানীয় উপাদান ব্যবহারের নির্দিষ্ট শর্ত রয়েছে। নিয়ম অনুযায়ী, গাড়ির মোট মূল্যের অন্তত ৫৫ শতাংশ এবং ব্যাটারি সেল ও মডিউলের ক্ষেত্রে অন্তত ৬৫ শতাংশ স্থানীয় উৎস থেকে আসতে হবে। পাশাপাশি পুরো ব্যাটারি প্যাকের ক্ষেত্রে স্থানীয় মূল্যের অংশীদারত্ব কমপক্ষে ৭০ শতাংশ হতে হবে।

এসব শর্ত পূরণে ব্যর্থ গাড়ির ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের বিধান রয়েছে। ২০২৩ সালের শেষ দিকে ইইউ এই নিয়ম কার্যকরের সময়সীমা তিন বছর পিছিয়ে দিয়েছিল। সেই মেয়াদ আগামী জানুয়ারিতে শেষ হওয়ার কথা। শুল্ক কার্যকর হলে ইইউ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য হওয়া প্রায় ৭০ শতাংশ ব্যাটারিচালিত ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ি এর আওতায় পড়তে পারে।

যুক্তরাজ্যের গাড়ি নির্মাতাদের সংগঠন সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স (এসএমএমটি) গত জুনে সতর্ক করেছিল, স্থানীয় উপাদান ব্যবহারের শর্ত শিথিল না হলে গাড়ি নির্মাতাদের প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন পাউন্ড শুল্ক দিতে হতে পারে।

সংস্থাটির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাটারি ও বৈদ্যুতিক গাড়ি খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ সত্ত্বেও যুক্তরাজ্যের গাড়ি শিল্প এখনো ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারির প্রায় দুই-তৃতীয়াংশ আমদানি করে।

তবে শুল্ক স্থগিতের উদ্যোগের বিরোধিতা করছে ইউরোপের রাসায়নিক শিল্পসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। তাদের আশঙ্কা, শুল্ক স্থগিত করা হলে ইউরোপে উৎপাদিত ব্যাটারির উপকরণের চাহিদা কমে যেতে পারে।

Single News Bottom

আন্তর্জাতিক থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে