হরমুজের কাছাকাছি অভিযান বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া
নিউজ সিক্সটিন ডেস্ক: হরমুজ প্রণালির কাছাকাছি আরব সাগরে জলদস্যুবিরোধী অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। এ লক্ষ্যে সোমালিয়া উপকূলে মোতায়েন দেশটির নৌবাহিনীর চেওংহে ইউনিটের অভিযান এলাকা বাড়িয়ে ওমানের দক্ষিণ উপকূল পর্যন্ত নেওয়া হবে। একই সঙ্গে ইউনিটটির সক্ষমতা বাড়াতে অতিরিক্ত বিমান, সামরিক সরঞ্জাম ও জনবল মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এডেন উপসাগরে দায়িত্ব পালন করা চেওংহে ইউনিটের অভিযান এলাকা উত্তর-পূর্ব দিকে আরব সাগরে সম্প্রসারণ করা হবে। এতে অভিযানের পরিধি প্রায় দ্বিগুণ হয়ে ১ হাজার ১০০ কিলোমিটার থেকে ১ হাজার ৯৩০ কিলোমিটারে দাঁড়াবে। তবে নতুন অভিযান এলাকাটি হরমুজ প্রণালি থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে থাকবে। হরমুজ প্রণালি ও ওমান উপসাগরের অভ্যন্তরীণ জলসীমা এর আওতায় পড়বে না।
অভিযানের সক্ষমতা বাড়াতে একটি পি-৮এ পোসেইডন সামুদ্রিক টহল বিমান, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল এবং মানববিহীন মাইন অপসারণের সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইউনিটটির সদস্যসংখ্যা ৩২০ থেকে বাড়িয়ে ৩৯৫ জন করা হবে।
দক্ষিণ কোরিয়া সরকার চেওংহে ইউনিটের বিদেশে মোতায়েনের মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও জাতীয় পরিষদে উত্থাপন করবে। দেশটির আইন অনুযায়ী, বিদেশে সামরিক বাহিনী মোতায়েন বা বিদ্যমান মিশনের পরিধি বাড়াতে সংসদের অনুমোদন প্রয়োজন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দাবি, সোমালিয়া ও এডেন উপসাগরীয় অঞ্চলে জলদস্যুতার ঘটনা বেড়েছে। ২০২৫ সালে এ অঞ্চলে জলদস্যুতার ঘটনা ছিল ১১টি, চলতি বছর এ পর্যন্ত তা বেড়ে ৩৬টিতে দাঁড়িয়েছে। গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোতে আন্তর্জাতিক নৌবাহিনীর উপস্থিতি কমে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন তাঁরা।
তবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, এই সিদ্ধান্তের মাধ্যমে কোনো যুদ্ধে সরাসরি জড়ানো বা আঞ্চলিক সংঘাতে হস্তক্ষেপের পরিকল্পনা নেই। চেওংহে ইউনিট দেশটির জয়েন্ট চিফস অব স্টাফের অধীনে স্বাধীনভাবে অভিযান পরিচালনা করবে। কোনো আন্তর্জাতিক সামরিক জোটের অধীনে কাজ করবে না।
এ ছাড়া হরমুজ প্রণালিতে মাইন অপসারণ বা অন্য কোনো সামরিক অভিযানে অংশ নিতে হলে পৃথক সংসদীয় অনুমোদন নিতে হবে। যুদ্ধের অবসান ও নিরাপদ পরিস্থিতি নিশ্চিত হওয়াও এ ধরনের অভিযানের পূর্বশর্ত।
যুক্তরাষ্ট্রের চাপের মুখে দক্ষিণ কোরিয়ার এ সিদ্ধান্তকে ওয়াশিংটনের প্রতি আংশিক সাড়া হিসেবে দেখা হচ্ছে। তবে এর আগে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছিল সিউল। দেশটির জ্বালানি নিরাপত্তাও এ সিদ্ধান্তের অন্যতম বিবেচ্য বিষয়। দক্ষিণ কোরিয়ার মোট তেল আমদানির প্রায় ৭০ শতাংশ আসে মধ্যপ্রাচ্য থেকে।
সূত্র: ইয়োনহাপ ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
