মক্কা অভিমুখে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সৌদি আরব
নিউজ সিক্সটিন ডেস্ক: সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা অঞ্চলের সাবুহা গ্রামে পড়েছে, যা পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৩৬ কিলোমিটার দূরে অবস্থিত। তবে এ ঘটনায় হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) গভীর রাত থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরের মধ্যে এ ঘটনা ঘটে। সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ও সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সাবুহা গ্রামসহ কয়েকটি স্থানে পড়ে।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি জানান, মক্কা ছাড়াও সৌদি আরবের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা চালানো হয়। দেশটির প্রতিরক্ষা বাহিনী এসব হামলা প্রতিহত করেছে।
জোটের তথ্যমতে, মক্কা অঞ্চলে দুটি এবং পশ্চিমাঞ্চলে আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এ ছাড়া রিয়াদ অঞ্চল লক্ষ্য করে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং মক্কা ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঠানো দুটি বিস্ফোরকবাহী ড্রোনও প্রতিহত করা হয়েছে।
তুর্কি আল-মালিকি এ হামলাকে বেসামরিক স্থাপনা ও পবিত্র স্থানের নিরাপত্তার বিরুদ্ধে শত্রুতাপূর্ণ আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
এদিকে, হামলার বিষয়ে ইয়েমেনের হুথি গোষ্ঠীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা দায় স্বীকারের তথ্য পাওয়া যায়নি। অতীতেও সৌদি আরবের পক্ষ থেকে পবিত্র মক্কা ও মদিনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তোলা হলে তা প্রত্যাখ্যান করেছিল হুথিরা। গোষ্ঠীটির দাবি, তাদের সামরিক অভিযান মূলত সৌদি আরবের সামরিক স্থাপনা ও কৌশলগত লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে পরিচালিত হয়।
সাম্প্রতিক সময়ে লোহিত সাগর ও সৌদি-ইয়েমেন সীমান্ত ঘিরে উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
