Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

COP31 সম্মেলনে যোগ দিতে তুরস্কে শাহবাজ, স্বাগত জানালেন এরদোয়ান ও গুতেরেস

নিউজ সিক্সটিন ডেস্ক প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ 55 বার পঠিত
COP31 সম্মেলনে যোগ দিতে তুরস্কে শাহবাজ, স্বাগত জানালেন এরদোয়ান ও গুতেরেস
ছবি : COP31 সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে স্বাগত জানান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত
Single News Top

নিউজ সিক্সটিন ডেস্ক: জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP31-এর লিডার্স সামিটে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। দেশটির আন্তালিয়ায় সম্মেলনস্থলে পৌঁছালে তাঁকে স্বাগত জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

পাকিস্তান সরকারের অফিসিয়াল অ্যাকাউন্টের তথ্য অনুযায়ী, সম্মেলনকেন্দ্রে পৌঁছানোর পর শাহবাজ শরিফকে ব্যক্তিগতভাবে অভ্যর্থনা জানান এরদোয়ান ও গুতেরেস।

তিন দিনের সরকারি সফরে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান পাকিস্তানের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটন উপমন্ত্রী গোখান ইয়াজগি, তুরস্কে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত-মনোনীত আমনা বলোচসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলা এ সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন লিডার্স সামিট। এতে শাহবাজ শরিফের গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার কথা রয়েছে। ভাষণে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সংকট মোকাবিলায় পাকিস্তানের অগ্রাধিকার ও পরিকল্পনা তুলে ধরবেন তিনি।

পাকিস্তানের আলোচ্য অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও আগাম সতর্কতা ব্যবস্থা জোরদার করা।

এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত, সহজলভ্য ও কার্যকর জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার দাবি জানাবে পাকিস্তান।

বিশ্লেষকদের মতে, COP31 সম্মেলনে পাকিস্তানের অংশগ্রহণ এবং বিশ্বনেতাদের সঙ্গে শাহবাজ শরিফের বৈঠক দেশটির জলবায়ু কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Single News Bottom

আন্তর্জাতিক থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে