Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

সৌদি কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইয়েমেনের হুথিদের

নিউজ সিক্সটিন ডেস্ক প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ 52 বার পঠিত
সৌদি কমান্ড সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইয়েমেনের হুথিদের
ছবি : সংগৃহীত
Single News Top

নিউজ সিক্সটিন ডেস্ক: ইয়েমেনের বন্দরনগরী এডেনে সৌদি আরবের একটি সামরিক কমান্ড সেন্টার ও অপারেশন রুমে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। বুধবার (১১ নভেম্বর) রাতে এডেনের আল-বুরাইকা এলাকায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সংগঠনটি।

হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেন। তাঁর দাবি, আল-বুরাইকায় অবস্থিত ওই কমান্ড সেন্টার থেকে লাহিজ, আল-দালি ও তাইজসহ কয়েকটি যুদ্ধক্ষেত্রে সৌদি বাহিনীর সামরিক অভিযান ও সহায়তা কার্যক্রম তদারকি করা হতো। ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার রাতে এডেনে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ছাড়া লাহিজ, আল-জাওফ ও মারিব প্রদেশে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করেও হামলার দাবি করেছে হুথিরা।

একই বিবৃতিতে সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ইয়ানবুর ১১ নম্বর তেল পাম্পিং স্টেশনে ড্রোন হামলার দাবিও করেছে গোষ্ঠীটি।

এদিকে, এডেনে হামলার নিন্দা জানিয়েছে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকার। দেশটির তথ্যমন্ত্রী সালেম আল-আওয়ালকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হুথিদের পুরোনো কৌশল।

তবে আল-বুরাইকার সামরিক কমান্ড সেন্টারে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে, রিয়াদের দিকে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং মক্কা ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঠানো ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে মক্কায় হামলার অভিযোগ অস্বীকার করে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি একে সৌদি পক্ষের ‘বানোয়াট প্রচারণা’ বলে উল্লেখ করেছেন।

হুথিদের দাবি, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের তাইজসহ ছয়টি প্রদেশে সৌদি বাহিনীর ৯৩টি বিমান হামলার জবাবে তারা এই পাল্টা অভিযান চালিয়েছে। তবে সংঘাতের উভয় পক্ষের ক্ষয়ক্ষতি ও হতাহতের সঠিক তথ্য এখনো স্বাধীন কোনো সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।

Single News Bottom

আন্তর্জাতিক থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে