Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

কপ-৩১ লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

নিউজ সিক্সটিন ডেস্ক প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ 40 বার পঠিত
কপ-৩১ লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
ছবি : কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান।ছবি: সংগৃহীত
Single News Top

নিউজ সিক্সটিন ডেস্ক: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে অংশ নিতে তুরস্কের আন্তালিয়ায় অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। পরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে লিডার্স লাউঞ্জে সমবেত বিশ্বনেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপচারিতায় অংশ নেন তিনি।

এ সময় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, মলদোভার প্রধানমন্ত্রী, লন্ডনের মেয়র সাদিক খান এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ এবং ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও তাঁর সৌজন্য সাক্ষাৎ হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে তিনি কপ-৩১-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে অংশ নিচ্ছেন। সম্মেলনের ফাঁকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ যোগাযোগ এবং সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকগুলো বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও জলবায়ু ইস্যুতে সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

Single News Bottom

আন্তর্জাতিক থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে