ইথিওপিয়া-সুদান কূটনৈতিক সংঘাত চরমে, পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার
নিউজ সিক্সটিন ডেস্ক: সীমান্ত উত্তেজনাকে কেন্দ্র করে কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের অবনতি ঘটেছে ইথিওপিয়া ও সুদানের মধ্যে। পরস্পরের সীমান্তবর্তী শহরে অবস্থিত কনস্যুলেট বন্ধের পাশাপাশি কূটনীতিকদের বহিষ্কারের নির্দেশ দিয়েছে দুই দেশ। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীকে সহায়তার অভিযোগ তুলেছে। এতে আফ্রিকার হর্ন অঞ্চলে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
৪ ও ৫ নভেম্বরের মধ্যে নেওয়া এসব পদক্ষেপের অংশ হিসেবে ইথিওপিয়া পশ্চিমাঞ্চলীয় সীমান্ত শহর আসোসায় (Assosa) অবস্থিত সুদানের কনস্যুলেট বন্ধ করে দেয়। একই সঙ্গে ছয়জন সুদানি কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে সুদানও পূর্বাঞ্চলীয় গেদারেফ (Gedaref) শহরে ইথিওপিয়ার কনস্যুলেট বন্ধ করে সেখানকার কূটনীতিকদের বহিষ্কারের নির্দেশ দিয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উভয় দেশই কূটনীতিকদের দেশ ছাড়তে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে।
সুদানের অভিযোগ, দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) সহায়তা করছে ইথিওপিয়া। এমনকি ইথিওপিয়ার ভূখণ্ড ব্যবহার করে সুদানের বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলা চালানোর সুযোগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে খার্তুম। এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আফ্রিকান ইউনিয়নের শান্তি ও নিরাপত্তা পরিষদে অভিযোগ জানিয়েছে সুদান।
অন্যদিকে, ইথিওপিয়ার অভিযোগ, সুদানের পক্ষ থেকে দেশটির উত্তরাঞ্চলীয় তিগ্রায় অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া হচ্ছে। তবে উভয় দেশই পরস্পরের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা যায়নি।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে গৃহযুদ্ধ চলছে। দীর্ঘ এই সংঘাতে ব্যাপক প্রাণহানি ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
অন্যদিকে, ইথিওপিয়ার তিগ্রায় অঞ্চলেও দীর্ঘদিন ধরে উত্তেজনা ও সংঘাতের পরিস্থিতি বিরাজ করছে। দুই দেশের অভ্যন্তরীণ সংঘাতের সঙ্গে সীমান্তপারের পারস্পরিক অভিযোগ যুক্ত হওয়ায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
বিশ্লেষকদের আশঙ্কা, দ্রুত উত্তেজনা প্রশমনের উদ্যোগ নেওয়া না হলে সুদান ও ইথিওপিয়ার অভ্যন্তরীণ সংঘাত একে অপরের সঙ্গে জড়িয়ে পড়তে পারে। এতে হর্ন অব আফ্রিকাজুড়ে বৃহত্তর অস্থিতিশীলতা ও আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। তবে এখন পর্যন্ত দুই দেশের পূর্ণাঙ্গ দূতাবাস বন্ধের কোনো সিদ্ধান্তের খবর পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস ও আলজাজিরা।
