Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি ‘থিওডোর রুজভেল্ট’, বাড়ছে সামরিক উপস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ : সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬ 55 বার পঠিত
মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি ‘থিওডোর রুজভেল্ট’, বাড়ছে সামরিক উপস্থিতি
ছবি : মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি ‘থিওডোর রুজভেল্ট’
Single News Top

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের উদ্দেশে সিঙ্গাপুর ছেড়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট (CVN-71) ও এর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে রণতরিটির এই যাত্রা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।

রোববার (৮ নভেম্বর) কয়েক দিনের বন্দর-সফর শেষে সিঙ্গাপুর ত্যাগ করে মার্কিন নৌবহরটি। ধারণা করা হচ্ছে, নভেম্বরের মাঝামাঝি সময়ে এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বাধীন এলাকায় পৌঁছাতে পারে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীবিষয়ক সংবাদমাধ্যম ইউএসএনআই নিউজের ৬ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, রুজভেল্টের সঙ্গে রয়েছে ক্রুজার ইউএসএস চোসিন এবং ডেস্ট্রয়ার ইউএসএস পল হ্যামিলটন ও ইউএসএস ডিকাটুর। সিঙ্গাপুর থেকে যাত্রা করে বহরটির মালাক্কা প্রণালি পেরিয়ে ভারত মহাসাগর হয়ে মধ্যপ্রাচ্যে পৌঁছানোর কথা।

বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন, অবস্থান করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রুজভেল্ট পৌঁছালে সেখানে সাময়িকভাবে তিনটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের উপস্থিতি তৈরি হতে পারে। তবে ইউএসএনআই নিউজের তথ্য অনুযায়ী, রুজভেল্টের মূল দায়িত্ব হবে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে প্রতিস্থাপন করা। ফলে তিন রণতরির একসঙ্গে অবস্থান দীর্ঘস্থায়ী নাও হতে পারে।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই নৌবহর মোতায়েন বিশেষ তাৎপর্য বহন করছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সামরিক বিকল্প প্রস্তুত রাখার অংশ হিসেবে নভেম্বর মাসে তিনটি বিমানবাহী রণতরি ও সেগুলোর সহযোগী যুদ্ধজাহাজ মোতায়েনের পরিকল্পনা করা হয়েছিল। তবে রুজভেল্টের এই যাত্রাকে জর্জ ওয়াশিংটনের নিয়মিত দায়িত্ব পরিবর্তনের অংশ হিসেবেও দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই নৌবহর মোতায়েনের ফলে ইরানের ওপর কৌশলগত চাপ বাড়তে পারে। পাশাপাশি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির নৌ-নিরাপত্তা এবং আঞ্চলিক জ্বালানি পরিবহন ব্যবস্থাকে ঘিরেও নতুন উদ্বেগ তৈরি হতে পারে।

Single News Bottom

আন্তর্জাতিক থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে