হজ চুক্তি স্বাক্ষর, ২০২৭ সালে বাংলাদেশের কোটা ৮৩ হাজার ৫০০
নিউজ সিক্সটিন ডেস্ক: ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য আরও ৫ হাজার কোটা বাড়িয়েছে সৌদি আরব। ফলে আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরের পর এ তথ্য জানানো হয়।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ।
চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা ৭৮ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৮৩ হাজার ৫০০ করা হয়েছে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পর সৌদি আরব তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ৫ হাজার কোটা অনুমোদন করে।
বৈঠকে হজযাত্রীর সংখ্যা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে মক্কার মিনায় তাঁবুর ধারণক্ষমতাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী জানান, অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা পূরণে ব্যর্থ হলে বা কোটা বাতিল হলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
এ সময় দুই দেশের মন্ত্রীর মধ্যে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়েও আলোচনা হয়। ধর্মমন্ত্রী হজ কোটা বৃদ্ধি ও সার্বিক সহযোগিতার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ সরকার। বর্ধিত কোটা কাজে লাগিয়ে হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করাকে এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে।
