রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী ও চারঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪১ বোতল ভারতীয় জেডি মদ ও ৩০৪ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীনস্থ বিদিরপুর ও ইউসুফপুর বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে গোদাগাড়ী থানার মাদ্রাসার মোড় পদ্মা নদীর ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিদিরপুর বিওপির টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বস্তা থেকে ৪১ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করা হয়।
অন্যদিকে, রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে চারঘাট থানার কান্দিপাড়া কলাবাগান এলাকায় অভিযান চালায় ইউসুফপুর বিওপির সদস্যরা। এ সময় জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৩০৪ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা মদের বিষয়ে গোদাগাড়ী থানায় এবং ট্যাবলেটের বিষয়ে রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এসব চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
