রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ৬৩ মামলা, গ্রেপ্তার ১৬৯
নিউজ ডেস্ক: রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে ৬৩টি মামলা হয়েছে। এসব মামলায় ১৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজশাহী রেঞ্জ পুলিশের প্রকাশিত ২৪ ঘণ্টার অপরাধ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে দেখা যায়, ৬৩টি মামলার মধ্যে চুরির ঘটনায় একটি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এ ছাড়া অন্যান্য ধারায় ৫৯টি মামলা নথিভুক্ত হয়েছে। একই সময়ে ৯ জন নিখোঁজ ব্যক্তির তথ্য উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে পরোয়ানাভুক্ত ৭১ জন, সাজাপ্রাপ্ত ৫ জন, তদন্তাধীন মামলার ৮৫ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় ৮ জন রয়েছেন।
এদিকে অভিযানে ২৫০ গ্রাম হেরোইন, ২০৫ পিস ইয়াবা, ২১১ পিস ট্যাপেন্টাডল, ৫১ পিস ক্লোনাজেপাম, ৫ বোতল বিদেশি মদ, ৩৫০ গ্রাম গাঁজা ও ৩২ বোতল মাদকদ্রব্য উদ্ধারের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ও উদ্ধারের লক্ষ্যে ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে।
